আসানসোলে বড়িরা খনিতে অবৈধ কয়লা উত্তোলনের সময় ধস, নিহত ২
নিজস্ব প্রতিবেদক: আসানসোলের কুলটি থানার বড়িরা এলাকায় বিসিসিএলের একটি ওপেন কাস্ট খনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলনের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আচমকা খনির সুড়ঙ্গ ধসে পড়ে অন্তত ছ’জন শ্রমিক চাপা পড়েন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও সিআইএসএফ। উদ্ধারকাজ শুরু করা হলে এখনও পর্যন্ত চারজনকে খনি থেকে বের করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে এক মহিলা সহ দুজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এখনও খনির ভিতরে অন্তত দু’জন শ্রমিক আটকে রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে পোকলেন মেশিনের সাহায্যে জোরকদমে মাটি সরানোর কাজ চলছে। উদ্ধারকাজ ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খনি এলাকায় ভিড় জমান নিখোঁজ শ্রমিকদের পরিজনেরা। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কিছু কয়লা মাফিয়া মৃত ও আহতদের পরিবারকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে প্রিয়জনদের একঝলক দেখার আশায় অনড় রয়েছেন তাঁরা। প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন পরিজনেরা।
উল্লেখ্য, বড়িরা ওপেন কাস্ট খনিতে ধসে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে প্রতিদিন এই খনি থেকে ৩-৪ ট্রাক অবৈধ কয়লা পাচার হয় আশেপাশের ভাটায়। বারবার দুর্ঘটনা ঘটলেও কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। খনি কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হলে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
