নিজস্ব প্রতিনিধি, কোচবিহার:আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার কোচবিহারে তৃণমূল কংগ্রেসের ‘রণসংকল্প সভা’ থেকে হুঙ্কার দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ জেলা থেকে তিনি আত্মবিশ্বাসের সুরে ঘোষণা করেন, আগামী নির্বাচনে চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মুখ্যমন্ত্রী হবেন।নির্বাচনের দামামা বাজতে এখনও কয়েক মাস বাকি থাকলেও, তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছেন। এদিনের সভা থেকে তিনি বলেন, “চতুর্থবার এই রাজ্যে মা-মাটি-মানুষের সরকারই প্রতিষ্ঠিত হবে।” বিরোধীদের কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আসন্ন নির্বাচনে বিরোধীদের আসন সংখ্যা “শূন্য” করার লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়তে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় এজেন্সির অতি-সক্রিয়তা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “ইডি পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চাইছে বিজেপি। কিন্তু ইডি-সিবিআই দিয়ে মানুষের রায় বদলানো সম্ভব নয়। এবারের ভোটে রাজ্যের জনগণই ওদের যোগ্য জবাব দেবে।”এর পাশাপাশি দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়েও গুরুত্ব দেন তিনি। ভোটার তালিকায় যাতে সাধারণ মানুষের এবং বিশেষ করে এসআইআর-এর (SIR) শুনানির নোটিশ প্রাপ্তদের নাম সুনিশ্চিত থাকে, সেই দায়িত্ব দলের কর্মীদের কাঁধে তুলে দেন তিনি। তিনি স্পষ্টভাবে জানান, ভোটার তালিকায় নাম নিশ্চিত করাই এখন কর্মীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এদিন সভার কাজ শুরু করেন অভিষেক। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “বিজেপি নেতারা ধর্মের রাজনীতি করেন, কিন্তু গীতায় ৭০০ শ্লোক আছে, ওরা কি একটিও বলতে পারবে? আমরা ধর্মের নামে ভাগাভাগি করি না, আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করি।” তিনি আরও যোগ করেন, “বাংলার পাওনা টাকা আমরা বাংলাতেই ফিরিয়ে আনব।”সাবেক সাংসদ নিশীথ প্রামাণিককে কটাক্ষ করে অভিষেক বলেন, “যাঁরা এখনও বাকি আছেন, তাঁদেরকেও প্রাক্তন করতে হবে।” তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “কেউ অহংকার করবেন না। মানুষের কাছে যান, তাঁদের জন্য কাজ করুন।” Share Post Whatsapp Share Post navigation এসআইআর শুনানিতে লক্ষ্মীরতন শুক্লা, ইসি-র ভূমিকা নিয়ে ফের সরব মমতা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নথি নয়, স্পষ্ট করল নির্বাচন কমিশন