দুর্গাপুরে ‘চায়ে-পে-চর্চা’: মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের
নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তি উপলক্ষে দুর্গাপুরের মুচিপাড়ায় ‘চায়ে-পে-চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, ইডি ও সিবিআই ঠিকভাবে কাজ করলে তৃণমূলের কোনও নেতা রেহাই পাবে না, এমনকি মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে।
ইডির হাত থেকে ফাইল ছিনতাইয়ের ঘটনার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, ওই ঘটনায় মুখ্যমন্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ডাকাতির মামলা হওয়া উচিত। তাঁর অভিযোগ, রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে এবং মানুষের শেষ ভরসা এখন আদালত।
শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্যে বিজেপি কর্মীদের উপর একের পর এক হামলা হলেও দোষীদের শাস্তি হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হুমায়ুন কবীর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনের আশা জাগাতে পারলেই জনগণের সমর্থন মিলবে বলে তিনি দাবি করেন।
এই কর্মসূচিতে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরে তিনি জয়দেব কেন্দুলির মেলা পরিদর্শনে যান।সেখানে কাঁকসার বিষ্ণুপুরে নারকেল ফাটিয়ে বিজেপির গেটেরও উদ্বোধন করেন তিনি।তাকে ঘিরেবিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
