দুর্গাপুরে বিজেপির সাংবাদিক বৈঠক, এসআইআর ইস্যুতে তৃণমূলকে তোপ তাপস রায়ের

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের বি-জোনে দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সংকল্প কমিটির চেয়ারম্যান ও রাজ্য সভাপতি তাপস রায় দাবি করেন, ইচ্ছাকৃতভাবে এসআইআর প্রক্রিয়া ব্যাহত করা হচ্ছে এবং মাঠে কাজ করা বিএলও-রা হুমকির মুখে পড়ছেন।

তাপস রায়ের অভিযোগ, শুধু তৃণমূলই নয়, বামপন্থীরাও এসআইআর প্রক্রিয়া চায় না। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনের কাজ নিরপেক্ষভাবে সম্পন্ন হলে রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হবে। তিনি জানান, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীসহ প্রয়োজনীয় সবরকম সহযোগিতা চেয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিজেপি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অতীতে বহু ভোটকেন্দ্রে সন্ত্রাসের অভিযোগ উঠেছে। এবার অবাধ ভোট নিশ্চিত করতে দল ইতিবাচক পদক্ষেপ নেবে এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছে বিজেপি।

এদিন দলীয় কার্যালয়ে বিজেপির ‘সংকল্প’ ওয়েবসাইটে মতামত সংগ্রহ এবং ড্রপবক্স উদ্যোগের কথাও জানানো হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে তাপস রায় বলেন, রাজ্যের যুবসমাজের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেওয়া হয়েছে। চাকরি ও স্বচ্ছতার দাবিতে বিজেপি আন্দোলন জোরদার করবে বলেও জানান তিনি।

তাঁর কথায়, “চাকরি কোনো দান নয়, বাংলার যুবসমাজের ন্যায্য অধিকার। বিজেপি চায় চাকরি ও স্বচ্ছতা, দুর্নীতি নয়। বাংলা পরিবর্তন চায়—যোগ্যতার মূল্যায়ন ও স্বচ্ছ প্রশাসন।”

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *