নির্বাচনের আগে আইপ্যাক অফিসে ইডির হানা: তুঙ্গে রাজনৈতিক চর্চা
সঙ্কেত ডেস্ক: বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকালে সল্টলেকের সেক্টর ফাইভের আইপ্যাক (I-PAC) অফিস এবং কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাসভবনে একযোগে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
যদিও ইডির পক্ষ থেকে সরকারিভাবে কোনো বিবৃতি না দেওয়া হলেও সূত্রের খবর, দিল্লির একটি পুরনো মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে দিল্লি থেকে কেন্দ্রীয় সংস্থার একটি বিশেষ দল কলকাতায় এসেছে।
উল্লেখ্য ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ে আইপ্যাকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানেও ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচার কৌশল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক কর্মসূচি সাজানোর নেপথ্যে প্রতীক জৈনের এই সংস্থা কাজ করছে।এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্পের পরিকল্পনা এবং প্রচারের ক্ষেত্রেও আইপ্যাকের পরামর্শ অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয়।
ঘটনার এখনও পর্যন্ত তৃণমূল, বিজেপি বা সিপিআইএম-এর মতো প্রধান রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মাত্র মাসদেড়েক আগে এই অভিযান রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করতে পারে। বিশেষ করে শাসক দলের নির্বাচনী স্ট্র্যাটেজি এবং তথ্যের নিরাপত্তা নিয়ে দানা বাঁধছে বিতর্ক।কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা কি শুধুই তদন্ত, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে— তা নিয়ে জল্পনা চলছে।
