পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের নামছে পারদ, বাড়ছে শীতের আমেজ
সঙ্কেত ডেস্ক: ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যে ফের শীতের প্রত্যাবর্তন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গ-সহ গোটা রাজ্যেই তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী কয়েক দিনে রাতের পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার যা ছিল ১৬.৬ ডিগ্রি। তাপমাত্রা হঠাৎ কমায় শহরবাসীর মধ্যে ফের শীতের অনুভূতি ফিরে এসেছে। জেলাগুলিতেও একই ছবি। বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বাঁকুড়া ও শ্রীনিকেতনে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। জলপাইগুড়ি ও কোচবিহারেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে কিছুটা মেঘ ঢুকেছে। এই মেঘ কেটে গেলে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শীতের দাপট বাড়বে বলেই পূর্বাভাস। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় রাতের তাপমাত্রা ধীরে ধীরে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।
তবে শীত বাড়লেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সন্ধ্যা ও রাতের দিকে শীতের প্রভাব বেশি অনুভূত হবে, দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকবে।
উত্তরবঙ্গেও শীতের দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সব মিলিয়ে ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যে ফের শীতের আমেজ জোরালো হচ্ছে।
