প্রেমজনিত মানসিক অবসাদে আত্মঘাতী যুবক, দুর্গাপুরে চাঞ্চল্য
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: প্রেমে ধোকা ও মানসিক অবসাদের জেরে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। মৃত যুবকের নাম শ্রেয় শর্মা (২৫)। তিনি ২/১৯ নর্থ এভিনিউয়ের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, কোক-ওভেন থানার অধীন দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা তৃপ্তি রক্ষিতের সঙ্গে গত সাত-আট মাস ধরে শ্রেয়র প্রেমের সম্পর্ক ছিল। তবে সাম্প্রতিক সময়ে ফোনে কথা বলার সময় শ্রেয়র মধ্যে অস্থিরতা ও মানসিক চাপ লক্ষ্য করা যাচ্ছিল। প্রায়ই দু’জনের মধ্যে ঝগড়াঝাঁটি হত বলেও পরিবারের দাবি।
পরিবারের অভিযোগ, ছেলের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে তা নাকচ করে দেয় তরুণীর পরিবার। তরুণীর মা জানান, তাঁর মেয়ের ডিভোর্স এখনও সম্পন্ন হয়নি, ডিভোর্সের পরেই বিয়ের বিষয়ে আলোচনা হতে পারে। এই ঘটনার পর থেকেই শ্রেয় মানসিকভাবে ভেঙে পড়েন এবং গভীর অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি।
বুধবার ভোর আনুমানিক পাঁচটা নাগাদ পরিবারের সদস্যরা বাথরুমে শ্রেয়র ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি তাঁকে নামিয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
