শ্রীরামচন্দ্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য মদন মিত্রের, বিধানসভা ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ
সঙ্কেত ডেস্ক: কলকাতা বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র দাবি করেন যে, শ্রীরামচন্দ্র আসলে হিন্দু নন, বরং মুসলমান ছিলেন। তাঁর এই বক্তব্যের ভিডিও (সত্যতা যাচাই করেনি সময় সঙ্কেত) সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই আসরে নেমেছে বিজেপি।ভাইরাল হওয়া ভিডিওতে মদন মিত্রকে বলতে শোনা যায়, তিনি দিল্লির এক শীর্ষ বিজেপি নেতাকে প্রশ্ন করেছিলেন রামের পদবি কী ছিল। তিনি বলেন, “আমি একবার ওদের সব চেয়ে বড় নেতাকে সুযোগ পেয়ে দিল্লিতে জিজ্ঞাসা করেছিলাম, আমি বলছি রাম মুসলমান, আমি মদন মিত্র বলছি… কী করবেন!” তিনি আরও যোগ করেন, “প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল কী ছিল? তখন উনি বলেন, রাম, লক্ষ্মণ, দশরথ..আমি বলি ঠিক করে বলুন, শুধু নাম বললে তো হবে না। আমি বলছি রাম মুসলমান ছিলেন।”
মদন মিত্রের এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির কেন্দ্রীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন,
তৃণমূল কংগ্রেস ক্রমাগত মুসলিম তোষণ করে বাঙালি হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করছে।ভোটব্যাংকের রাজনীতির স্বার্থে এক দশকেরও বেশি সময় ধরে এই ধরণের মন্তব্য করা হচ্ছে।ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবীরের মতো নেতাদের পুরনো বিতর্কিত প্রসঙ্গ টেনে এনে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরণের হিন্দু-বিরোধী বক্তব্যের নিন্দা করেন না।
অন্যদিকে, বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কটাক্ষ করে বলেন, “কোন সময় এই কথা বলেছেন, দিন না রাত? সেটাই তো আসল প্রশ্ন।” তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মূলত মদন মিত্রের জীবনযাত্রাকেই বিঁধেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ নির্বাচনের আগে এই ধরণের মন্তব্য মেরুকরণের রাজনীতিকে আরও তীব্র করবে। যেখানে একদিকে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলছে বিজেপি, অন্যদিকে মদন মিত্রের মতো নেতারা প্রথাগত বিশ্বাসের মূলে আঘাত করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসছেন।
