নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তুলে পাচারের অভিযোগে কাঁকসার জাঠগড়িয়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শেখ হিরণ মন্ডল। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তিনি এই বালি মজুত ও পাচার চক্রের অন্যতম চাঁই হিসেবে কাজ করছিলেন। বেআইনি এই কারবারের মাধ্যমে বিপুল টাকা কামিয়ে এলাকায় তিনি রীতিমতো ‘প্রভাবশালী’ হয়ে উঠেছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদবিহার সংলগ্ন অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে নিজের একাধিক ট্র্যাক্টরের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে পাচার করতেন হিরণ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নদী থেকে এই লাগামহীন বালি চুরির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হচ্ছিল। কিন্তু এতদিন কোনও সদর্থক বা কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। তবে সম্প্রতি রাজ্যজুড়ে বেআইনি বালি ও কয়লা কারবারের বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান শুরু হতেই নড়েচড়ে বসে প্রশাসন।
দীর্ঘদিনের সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার জাঠগড়িয়া এলাকায় অভিযান চালিয়ে শেখ হিরণ মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অবৈধ বালি মজুত এবং পাচার চক্র চালানোর সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই চক্রের শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে। ধৃতকে জেরা করে এই পাচার নেটওয়ার্কের সঙ্গে আর কারা জড়িত, কোথায় কোথায় বালি মজুত করা হত এবং এর পিছনে কোনও বড় মাথার হাত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
গ্রেপ্তারের পর মঙ্গলবারই ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *