​”ইসি নয়, এ তো তুঘলকি কমিশন!” নবান্ন থেকে দিল্লির বিরুদ্ধে তোপ মমতার

সঙ্কেত ডেস্ক: : নির্বাচন কমিশনকে (ECI) নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে অভিহিত করেন। কমিশনের নির্দেশে যে সাতজন নির্বাচনী আধিকারিককে (ERO) সাসপেন্ড করা হয়েছে, রাজ্য সরকার তাঁদের পাশে আছে বলেও স্পষ্ট জানান তিনি।
মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “ইআরও-দের অপরাধ কী? কেন তাঁদের সাসপেন্ড করা হলো?” প্রসঙ্গত, বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছিল। সেই চাপের মুখে সরকার সাতজন অফিসারকে সাসপেন্ড করতে এবং পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমরা কমিশনের নির্দেশে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি ঠিকই, কিন্তু আমরা এই অফিসারদের পাশেই আছি। ওই সাতজন আধিকারিক এখন থেকে নির্বাচন ছাড়া সরকারের অন্য কাজ সামলাবেন।” তিনি অভিযোগ করেন, কমিশন একটি রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে কাজ করছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করছে।
ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি-র ইশারায় এই কাজ করা হচ্ছে। এমনকি জেলাশাসকদের ভয় দেখানো হচ্ছে বলেও সরব হন তিনি। এদিন সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা করে মমতা বলেন, “২০২৬-এর পর এই কেন্দ্রীয় সরকারই আর থাকবে না। কেউ চিরকাল চেয়ারে বসে থাকে না, মানুষই শেষ কথা বলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *