সঙ্কেত ডেস্ক:প্রযুক্তি বা ব্যবসায়িক কৌশলের অজুহাতে নাগরিকদের গোপনীয়তার অধিকার খর্ব করা যাবে না—মঙ্গলবার এক মামলার শুনানিতে হোয়াটসঅ্যাপ ও তার মূল সংস্থা মেটাকে কড়া ভাষায় সতর্ক করল সুপ্রিম কোর্ট। বেঞ্চের পর্যবেক্ষণ, ডেটা শেয়ারিংয়ের নামে ব্যক্তিগত তথ্যের উপর কোনও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। শুনানিকালে আদালত জানায়, “ডেটা শেয়ারিংয়ের অজুহাতে দেশের নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে খেলা চলবে না।” ব্যবহারকারীর সম্মতি ও ‘অপ্ট-আউট’ ব্যবস্থার যুক্তিকেও খারিজ করে বেঞ্চ মন্তব্য করে, এই ধরনের ব্যবস্থা আসলে ব্যক্তিগত তথ্য সংগ্রহের একটি “মার্জিত উপায়”। এই মামলার পরিধি বাড়িয়ে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রককেও পক্ষভুক্ত করেছে শীর্ষ আদালত। আগামী ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ও মেটা প্রতিযোগিতা কমিশন অব ইন্ডিয়ার (সিসিআই) সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে, যেখানে ২০২১ সালের বিতর্কিত ‘টেক ইট অর লিভ ইট’ প্রাইভেসি পলিসির জন্য ২১৩.১৪ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। সিসিআইয়ের অভিযোগ ছিল, এই নীতির মাধ্যমে ব্যবহারকারীদের কার্যত কোনও বিকল্প না দিয়েই মেটার অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে তথ্য শেয়ার করতে বাধ্য করা হয়েছে। শুনানিতে আদালত আরও জানায়, বড় প্রযুক্তি সংস্থাগুলির গোপনীয়তা নীতি সাধারণ মানুষের পক্ষে বোঝা অত্যন্ত কঠিন, ফলে প্রকৃত সম্মতির ধারণাই প্রশ্নের মুখে পড়ে। তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষায় সুপ্রিম কোর্টের এই অবস্থান ভবিষ্যতে ডিজিটাল গোপনীয়তা নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। Share Post Whatsapp Share Post navigation সুপ্রিম কোর্টে পিছোল I-PAC মামলার শুনানি, ১০ ফেব্রুয়ারি পরবর্তী দিন ইতিহাসে নজির: সুপ্রিম কোর্টে আইনজীবীর গাউন পরে নিজেই সওয়াল মমতার, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ