শব্দদূষণ রুখতে পুলিশের মেগা রেইড: দুর্গাপুরে মডিফায়েড সাইলেন্সার দোকানে তল্লাশি

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: শহরের রাজপথে বাইকের কানফাটানো শব্দের দাপট কমাতে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। শুক্রবার দুপুরে দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায় মোটর পার্টসের দোকানগুলোতে অতর্কিত অভিযান চালাল দুর্গাপুর ট্রাফিক গার্ড ও সাব-ট্রাফিক বিভাগ। অবৈধভাবে পরিবর্তিত (মডিফায়েড) সাইলেন্সার পাইপ বিক্রির অভিযোগে এই বিশেষ তল্লাশি চালানো হয়।
দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে, দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকার বেশ কিছু মোটর পার্টস দোকানে রমরমিয়ে বিক্রি হচ্ছে বেআইনি সাইলেন্সার। তরুণ প্রজন্মের একাংশ তাদের বাইকের সাইলেন্সার বদলে এই মডিফায়েড পাইপ ব্যবহার করছে, যা ভয়াবহ শব্দদূষণ সৃষ্টি করছে। এই অভিযোগের সত্যতা যাচাই করতেই শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নামে ট্রাফিক বিভাগ।
অভিযানের সময় পুলিশ প্রতিটি দোকানের গোডাউন ও মজুত রাখা সামগ্রী খুঁটিয়ে পরীক্ষা করে। বেশ কিছু দোকানে বিক্রির জন্য রাখা সাইলেন্সার পাইপের বৈধ নথিপত্র এবং ব্র্যান্ডের সত্যতা যাচাই করা হয়।অভিযানের মূল লক্ষ্য ছিল পরিবেশ আদালতের নিয়ম লঙ্ঘনকারী উচ্চ শব্দের সাইলেন্সার চিহ্নিত করা। একই সঙ্গে দোকান মালিকদের স্পষ্ট জানানো হয়েছে যে, সরকারি নিয়ম বহির্ভূত কোনো সামগ্রী বিক্রি করা যাবে না।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, শহরকে শব্দদূষণমুক্ত রাখতে এবং বেআইনিভাবে গাড়ি পরিবর্তনের (Modifying) বিরুদ্ধে এই অভিযান একটি প্রাথমিক ধাপ মাত্র। যদি ভবিষ্যতে কোনো দোকানে এই ধরনের অবৈধ সামগ্রী পাওয়া যায়, তবে কেবল জরিমানা নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ।প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।
ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুর্গাপুরের সাধারণ মানুষ ও পরিবেশপ্রেমীরা। তাঁদের মতে, হাসপাতালের সামনে বা আবাসিক এলাকায় মডিফায়েড সাইলেন্সারের শব্দে বয়স্ক ও শিশুদের চরম সমস্যা হয়। পুলিশের এই সক্রিয়তা সেই দৌরাত্ম্য কিছুটা হলেও কমাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *