দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, সভা শেষে ক্ষোভে ফেটে পড়লেন বর্ষীয়ান নেতা

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: দুর্গাপুরে বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল। শুক্রবার মুচিপাড়ায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ‘পরিবর্তন সংকল্প সভা’ শেষ হতেই দলের ভেতরে তীব্র অস্বস্তি ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। সভা শেষে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন বর্ষীয়ান বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ, সভার মঞ্চে তাঁকে স্থান দেওয়া হয়নি। এই নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। উল্লেখ্য, অমিতাভ বন্দ্যোপাধ্যায় অতীতে বিজেপির জেনারেল সেক্রেটারি ও জেলা সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের সুশাসন বিভাগের দায়িত্বে রয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরে নতুন করে আসা বিজেপি নেতারা “চোর-ছ্যাচড়ের দল”। তাঁর অভিযোগ, অন্য রাজনৈতিক দল থেকে আসা নেতাদেরই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ দীর্ঘদিনের নিষ্ঠাবান বিজেপি কর্মীদের দলীয় কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বাইরে থেকে আসা নেতারাই কার্যত নেতৃত্ব দিচ্ছেন, আর পুরনো কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন বলে দাবি করেন তিনি।

সভা শেষে এই মন্তব্য ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও চরম অস্বস্তি তৈরি হয়। প্রকাশ্যে এমন ক্ষোভ ও অভিযোগে দুর্গাপুর বিজেপির অন্দরের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *