Get Started
পুজোর মুখে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ‘সুখবর’, একাধিক পদে বাড়ল মাসিক পারিশ্রমিক
Home ⟾ Uncategorized  ⟾  পুজোর মুখে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ‘সুখবর’, একাধিক পদে বাড়ল মাসিক পারিশ্রমিক

সঙ্কেত ডেস্ক:পুজোর মুখে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা। স্কুল শিক্ষা দফতরের অধীনে কর্মরত একাধিক পদে মাসিক পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার, ১ অক্টোবর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে। রাজ্য ক্যাবিনেটের অনুমোদনের পর রাজ্যপালের সম্মতিও নেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দফতরের প্ল্যানিং অ্যান্ড বাজেট শাখার নির্দেশিকায় জানানো হয়েছে।

নতুন কাঠামোয় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এসএসকে ও এমএসকে কর্মী, অ্যাকাডেমিক সুপারভাইজার, ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার-সহ একাধিক পদে পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে।

প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের মাসিক পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬,৯৪১ টাকা। অর্থাৎ মাসে ৫,০০০ টাকা বৃদ্ধি। উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রেও একই হারে বৃদ্ধি হয়েছে। তাঁদের পারিশ্রমিক ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা।

এসএসকের সহায়ক ও সহায়িকাদের পারিশ্রমিকও ৫,০০০ টাকা বেড়েছে। নতুন কাঠামোয় তাঁরা মাসে ১৬,৯৪১ টাকা পাবেন। এমএসকের সম্প্রসারক এবং সম্প্রসারিকাদের ক্ষেত্রেও ৫,০০০ টাকা করে বৃদ্ধি হয়েছে। তাঁদের পারিশ্রমিক ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা।

এমএসকের মুখ্য সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারিকাদের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ আরও বেশি। ১৬,১৭৮ টাকা থেকে তাঁদের মাসিক পারিশ্রমিক বেড়ে হয়েছে ২২,১৭৮ টাকা। অর্থাৎ মাসে ৬,০০০ টাকা করে বৃদ্ধি।

বেতন বাড়ছে শিক্ষাবন্ধুদেরও। এত দিন তাঁরা মাসে ৯,৯৫৪ টাকা পেতেন। নতুন কাঠামোয় সেই পারিশ্রমিক বেড়ে হয়েছে ১৪,৯৫৪ টাকা। স্পেশাল এডুকেটরদের পারিশ্রমিকও ৫,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন হার ১৯,৯২৪ টাকা।

এ ছাড়াও পার্ট টাইম চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষকদের পারিশ্রমিক ১৫,২১৮ টাকা থেকে বেড়ে হয়েছে ২০,২১৮ টাকা। অ্যাকাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রে ১৩,৭৮১ টাকা থেকে বেড়ে নতুন পারিশ্রমিক ১৮,৭৮১ টাকা। পিএ কাম ডিইও পদে কর্মরতদের পারিশ্রমিকও ৫,০০০ টাকা বেড়ে হয়েছে ১৯,৭৭৪ টাকা।

ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের ক্ষেত্রে মাসিক পারিশ্রমিক ৬,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১৯,৬৯২ টাকা থেকে তা বেড়ে হয়েছে ২৫,৬৯২ টাকা।

ম্যানেজমেন্ট স্টাফদের জন্য আবার আলাদা স্ল্যাব তৈরি করা হয়েছে। বর্তমান পারিশ্রমিক ২৫,০০০ টাকার মধ্যে হলে ৫,০০০ টাকা বৃদ্ধি হবে। ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পারিশ্রমিক পাওয়া কর্মীদের ৭,০০০ টাকা এবং ৪০,০০০ থেকে ৫৫,০০০ টাকার মধ্যে থাকা কর্মীদের ১০,০০০ টাকা করে বৃদ্ধি হবে।

তবে সরকারের এই ঘোষণায় কর্মীদের একাংশ পুরোপুরি সন্তুষ্ট নন। শিক্ষক ও শিক্ষাকর্মীদের কয়েকটি সংগঠনের বক্তব্য, বেতন বৃদ্ধির সিদ্ধান্ত আগেই জানানো হলেও তা কার্যকর করতে দেরি হয়েছে। তাঁদের আরও দাবি, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি এবং আরও সম্মানজনক বেতন কাঠামো তৈরি করা প্রয়োজন।

নতুন কাঠামো ১ অক্টোবর থেকেই কার্যকর হওয়ায় আগামী মাসের পারিশ্রমিক থেকেই বেতন বৃদ্ধির প্রভাব দেখা যেতে পারে। পুজোর আগে রাজ্যের বহু চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীর হাতে অতিরিক্ত অর্থ পৌঁছনোর পথ এ ভাবেই খুলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *