নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:ভোটের বাদ্যি বেজে গিয়েছে শিল্পাঞ্চলেও। শনিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্তের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠল সিটি সেন্টার এলাকা। নির্বাচনের কৌশল নির্ধারণ থেকে শুরু করে নিচুতলার সংগঠনকে চাঙ্গা করা— সব মিলিয়ে এ দিন তৃণমূলের অন্দরমহলে ছিল সাজ সাজ রব।
এ দিন সকালে সিটি সেন্টারের একটি অভিজাত হোটেলে তৃণমূলের মহিলা নেত্রীদের নিয়ে একটি বিশেষ কর্মী সভার আয়োজন করা হয়। আসন্ন নির্বাচনে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে মহিলাদের ভোটব্যাঙ্ককে সুরক্ষিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কবি দত্ত। বৈঠকে উপস্থিত নেত্রীদের তিনি নির্দেশ দেন, সরকারি প্রকল্পের সুবিধা মানুষ ঠিকমতো পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখে জনসংযোগ বাড়ানো। প্রতিটি বুথে মহিলা কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি করা। বিরোধীদের কুৎসার মোকাবিলা করে উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে যাওয়া।
বৈঠক শেষে হোটেল থেকে দুর্গাপুর সিটি সেন্টার প্রেস ক্লাব পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলে মহিলা নেত্রী ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হাতে দলীয় পতাকা এবং মুখে ‘জেতা’র স্লোগান নিয়ে কার্যত গোটা এলাকা পরিক্রমা করেন তৃণমূল প্রার্থী।
মিছিল শেষে আপ্লুত কবি দত্ত বলেন,“মানুষের এই ভালোবাসা আর আশীর্বাদই আমার আসল শক্তি। দুর্গাপুর পশ্চিমের মানুষের পাশে আমি আগেও ছিলাম, আগামীদিনেও তাঁদের উন্নয়নের জন্য নিজেকে সঁপে দেব। আজ যে পরিমাণ মহিলা শক্তি আমাদের পাশে দাঁড়িয়েছে, তাতে জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ নিশ্চিত।”