আন্তর্জাতিক কিকবক্সিংয়ে দুর্গাপুরের জয়জয়কার, ফিরলেন পদকজয়ীরা

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: আন্তর্জাতিক মঞ্চে আবারও সাফল্যের নজির গড়ল দুর্গাপুরের কিকবক্সাররা। ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিকবক্সিং অর্গানাইজেশনস’ (WAKO) আয়োজিত পঞ্চম ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং কাপে পশ্চিম বর্ধমান জেলার চার খেলোয়াড় দেশের হয়ে প্রতিনিধিত্ব করে একাধিক পদক জিতেছেন। মঙ্গলবার পদক জয় করে বাড়ি ফেরেন তারা।

এই প্রতিযোগিতায় বাংলা থেকে মোট ১২ জন খেলোয়াড় অংশ নিয়ে ২০টি পদক জয় করেন। তার মধ্যে পশ্চিম বর্ধমানের খেলোয়াড়দের ঝুলিতে আসে ৩টি স্বর্ণ ও ৮টি রৌপ্য সহ মোট ১১টি পদক।

মাত্র ৮ বছর বয়সেই নজর কেড়েছে গুরান্স সিং। চাইল্ড ক্যাটাগরির পয়েন্ট ফাইট +৩৬ বিভাগে স্বর্ণপদক জয়ের পাশাপাশি আরও দুটি ইভেন্টে রৌপ্য জিতে সে অন্যতম সেরা পারফরমার।
বেনাচিতির বাসিন্দা রূপঙ্কর রায় ওল্ডার ক্যাডেট -৬৯ কেজি বিভাগে পয়েন্ট ফাইট ও লাইট কন্টাক্টে দুটি রৌপ্য পদক জিতেছেন। পাশাপাশি ফর্মস বিভাগে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকও অর্জন করেন তিনি।
মুচীপাড়া আইটিআই এলাকার বাসিন্দা, পেশায় অটোচালক এবং এলএসএম কিকবক্সিং একাডেমির প্রশিক্ষক ঈশ্বর মাঝি সিনিয়র মেল ক্যাটাগরিতে দুটি ইভেন্টে দুটি রৌপ্য পদক জয় করেন।
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ খান একটি ইভেন্টে স্বর্ণ ও অন্য একটি ইভেন্টে রৌপ্য পদক জিতে জেলার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত ছাড়াও প্যালেস্টাইন, উজবেকিস্তান, কাজাখস্তান, ইরাক, আলজেরিয়া সহ বিভিন্ন দেশের প্রায় এক হাজার খেলোয়াড় অংশ নেন। কঠিন প্রতিযোগিতার মধ্যেও দুর্গাপুরের খেলোয়াড়দের এই সাফল্য জেলায় ক্রীড়ামহলে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *