আন্তর্জাতিক নারী দিবসে ‘মাতৃশক্তি’র জয়গান: দুর্গাপুরে ‘ভারত মুখ’ পত্রিকার উদ্যোগে ৫০ জন নারীকে বিশেষ সম্মান

নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকল দুর্গাপুরের সৃজনী বিপিনচন্দ্র পাল ভবন। রবিবার, ৮ই মার্চ ‘ভারত মুখ’ পাক্ষিক সংবাদপত্রের উদ্যোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ৫০ জন কৃতী নারীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি ঘিরে শিল্পনগরীর শিল্পী, সাহিত্যিক ও সমাজসেবীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।

এদিন সৃজনীর মঞ্চে সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রাখা ৫০ জন নারীর হাতে তুলে দেওয়া হয় ‘মা নারায়ণী স্মারক সম্মান’। সম্মাননা হিসেবে তাঁদের প্রত্যেকের হাতে ফল, মিষ্টি ও স্মারক তুলে দিয়ে কুর্নিশ জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে নয়ন রায় তাঁর বক্তব্যে বলেন, “নারী শক্তিই হলো আসল শক্তি। মা, বোন, বান্ধবী ও স্ত্রী—প্রতিটি রূপেই নারীর অবদান অনস্বীকার্য। আজকের এই আয়োজন সেই মাতৃশক্তিকে সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা।”

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন মহকুমা শাষক সুমন বিশ্বাস ,ADDA-র চেয়ারম্যান কবি দত্ত,জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী ,বিশিষ্ট কবি জহর মিশ্র সহ নরেশ শর্মা ও উত্তম সাধু প্রমুখ।এছাড়াও বহু কবি, শিল্পী, সাহিত্যিক, বাচিক শিল্পী এবং সমাজসেবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়েছিল।

শুধুমাত্র সংবর্ধনা নয়, গান, নাচ এবং কবিতার ছন্দে মোহময় হয়ে উঠেছিল সৃজনীর প্রাঙ্গণ। নারী দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত শিল্পীরা তাঁদের সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যান। গোটা অনুষ্ঠান চলাকালীন ‘নারী শক্তির জয় হোক, মাতৃশক্তির জয় হোক’—এই স্লোগানে মুখরিত ছিল প্রেক্ষাগৃহ।
সংবাদপত্র ‘ভারত মুখ’-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সুধীজন। তাঁদের মতে, এ ধরনের সম্মাননা নারীদের সামাজিক কাজে আরও উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *