আসানসোলে পদ্ম-শিবিরে বিতর্কিত মুখের এন্ট্রি! কয়লা মাফিয়া ইস্যুতে বিজেপিকে বিঁধল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: মুখে ‘মাফিয়া রাজ’ ও ‘সিন্ডিকেট রাজ’-এর বিরুদ্ধে হুঙ্কার দিলেও, বাস্তবে বিজেপির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের পরিচিত কয়লা ব্যবসায়ী তথা বিতর্কিত ব্যক্তি জয়দেব খাঁ-কে বিজেপি আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলায় ‘স্থায়ী আমন্ত্রিত সদস্য’ করার অভিযোগ উঠতেই রাজনৈতিক পারদ চড়েছে।
বিতর্কের সূত্রপাত,সম্প্রতি আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্যের প্যাডে একটি তালিকা প্রকাশিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, জয়দেব খাঁ-কে দলের জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই জয়দেব খাঁ-র বিরুদ্ধেই এক সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর অভিযোগ উঠেছিল, যা নিয়ে তৎকালীন সময়েও রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছিল।

তৃণমূলের তোপ

এই ইস্যুতে বৃহস্পতিবার দুর্গাপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি জরুরি সাংবাদিক বৈঠক করা হয়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি একদিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অন্যদিকে কয়লা মাফিয়াদের আশ্রয় দিচ্ছে।শিল্পাঞ্চলে অশান্তি পাকাতেই এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের দলীয় পদে আনা হচ্ছে।তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন “বিজেপির ডাবল স্ট্যান্ডার্ড আজ মানুষের সামনে পরিষ্কার। যারা মাফিয়া রাজ খতমের কথা বলে, তারাই আজ স্বীকৃত কয়লা ব্যবসায়ীদের স্থায়ী আমন্ত্রিত সদস্য বানাচ্ছে।”

উপস্থিত নেতৃত্ব:

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ভি শিবদাসন দাশু, জেলা মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এবং জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *