Get Started
উৎসবের মুখে ফের চোখরাঙানি নিম্নচাপের, পুজোর আনন্দে কি জল ঢালবে বৃষ্টি?
Home ⟾ Uncategorized  ⟾  উৎসবের মুখে ফের চোখরাঙানি নিম্নচাপের, পুজোর আনন্দে কি জল ঢালবে বৃষ্টি?
অর্পিতা কর্মকার, দুর্গাপুর: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরেই উমার বোধন। অথচ শরৎ-আকাশের কোণে জমতে শুরু করেছে আশঙ্কার কালো মেঘ। বঙ্গোপসাগরে ফের এক নতুন নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিতেই পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ— সকলের কপালেই ভাঁজ। হাওয়া অফিস সূত্রে ইঙ্গিত, আগামী ১৩ অক্টোবর নাগাদ সাগরে দানা বাঁধতে পারে নতুন একটি নিম্নচাপ। আর সেই পূর্বাভাসের জেরেই দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মায়ানমার উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে, তা ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল পরিবেশ পেলে তা আরও শক্তি সঞ্চয় করতে পারে। তার প্রভাবেই উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ১৩ তারিখের ওই সম্ভাব্য নিম্নচাপ ঠিক কতটা শক্তি বাড়াবে কিংবা পুজোর ঠিক কোন দিনগুলিতে তার প্রভাব কতটা জোরালো হবে, তা এখনই স্পষ্ট করে বলতে নারাজ আবহবিদরা। আপাতত সাগরের গতিপ্রকৃতির উপরেই তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন পুজো কমিটির কর্তারা। দুর্গাপুর ও সংলগ্ন অঞ্চলে এখন জোরকদমে চলছে মণ্ডপসজ্জা ও আলোকসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্যান্ডেলে কাপড় ও থিমের সূক্ষ্ম কাজ চলাকালীন বৃষ্টির দাপট বাড়লে কাজ ব্যাহত হওয়া একপ্রকার নিশ্চিত। এক উদ্যোক্তার কথায়, ‘‘খোলা আকাশের নীচে মণ্ডপের কাজ চলছে। এই সময়ে ভারী বৃষ্টি বা ঝোড়ো বাতাস শুরু হলে সব আয়োজন ভেস্তে যেতে পারে।’’ উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদেরও। পুজোর ঠিক আগের এই সময়টা কেনাবেচার সেরা মরসুম। জামাকাপড় থেকে শুরু করে পুজোর যাবতীয় সামগ্রী কেনার জন্য ইতিমধ্যেই বাজারে ভিড় জমতে শুরু করেছে। বৃষ্টি নামলে সেই ভিড় এক লহমায় কমে যাওয়ার আশঙ্কা করছেন খুচরো ব্যবসায়ীরা। একই সঙ্গে আশঙ্কা দর্শনার্থীদেরও— সারা বছরের প্রতীক্ষার পর ঠাকুর দেখার আনন্দ যদি ছাতা আর জলকাদার আড়ালেই চাপা পড়ে যায়! এখন দেখার, সাগরের মেঘ শেষ পর্যন্ত উৎসবের আনন্দ ধুয়ে দেয়, নাকি আশ্বিনের কাশবনে শরতের রোদ্দুরই শেষ হাসি হাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *