এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা নয়—রাজ্যকে পূর্ণ সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টের

সঙ্কেত ডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় কোনোভাবেই বাধা দেওয়া যাবে না এবং সুষ্ঠুভাবে এই কাজ সম্পন্ন করতে সব রাজ্যকেই নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করতে হবে।

মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, “এসআইআর হবেই—এটা সব রাজ্যকে বুঝতে হবে। প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালাতে প্রয়োজনীয় নির্দেশ আমরা দেব।” আদালত আরও জানায়, ভোটার তালিকা সংশোধনের স্বার্থে নির্বাচন কমিশন চাইলে ইআরও (ERO) বা এইআরও (AERO)-দের বদল করতে পারে। এ বিষয়ে রাজ্য সরকারের আপত্তির কোনো জায়গা নেই বলে মন্তব্য করে আদালত।

শুনানিকালে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ আদালতে জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ৮,৫২৪ জন অফিসার নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, “কমিশন চাইলে কাল থেকেই এই সাড়ে আট হাজার অফিসার কাজ শুরু করতে পারেন।” তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, এই কর্মীদের কাজে নামানোর আগে অন্তত ১০ দিনের নিবিড় প্রশিক্ষণ প্রয়োজন। প্রধান বিচারপতি নির্দেশ দেন, রাজ্যের দেওয়া অফিসাররা যেন দ্রুত প্রশিক্ষণ শেষে কাজে যোগ দেন।

এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তিকেও বিশেষ গুরুত্ব দেয়নি শীর্ষ আদালত। আদালত জানায়, মাইক্রো অবজার্ভারদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই। স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে নির্বাচন কমিশন অন্য রাজ্য থেকেও মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে পারে বলেও স্পষ্ট করা হয়।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করা প্রতিটি রাজ্যের সাংবিধানিক দায়িত্ব। প্রক্রিয়ার কোনো স্তরেই যেন প্রতিবন্ধকতা তৈরি না হয়, সে বিষয়ে রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *