কয়লা কেলেঙ্কারি নিয়ে মমতাকে আইনি নোটিশ শুভেন্দুর: ৭২ ঘণ্টার চরম সময়সীমা

সঙ্কেত ডেস্ক: জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কয়লা পাচারের টাকা লেনদেনের অভিযোগ তোলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন বিরোধী দলনেতা। আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে পাঠানো এই চিঠিতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্যের সপক্ষে প্রমাণ দেওয়ার অথবা ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
শুভেন্দু অধিকারীর পাঠানো নোটিসে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যে অভিযোগ প্রকাশ্যে করেছেন, তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেই প্রমাণ দিতে ব্যর্থ হলে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়লা দুর্নীতি মামলায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়িয়ে সম্প্রতি আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী দলনেতার দাবি, কোনো প্রমাণ ছাড়াই তাঁর ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে। মানহানিকর এই মন্তব্যের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৭২ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া না দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে ইডির তদন্ত আর অন্যদিকে এই আইনি লড়াই—সব মিলিয়ে রাজ্য রাজনীতি এখন চরম উত্তপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *