কাঁকসায় নার্সের রহস্যমৃত্যু: বহুতলের নিচে মিলল দেহ, তদন্তে নেমেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের গোপালপুর এলাকায় এক তরুণী নার্সের রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে একটি বহুতল আবাসনের নিচ থেকে মন্দিরা পাল (২৪) নামে ওই নার্সের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত অপরাধ—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা এবং মলানদিঘীর একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার তাঁর নাইট ডিউটি ছিল। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে না পৌঁছানোয় সহকর্মীরা যোগাযোগের চেষ্টা করেন। পরে গোপালপুরের ওই আবাসনের নিচে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুর থেকে বৃহস্পতিবার সকালে কাঁকসায় পৌঁছান মৃতার পরিজনরা। পরিবারের দাবি, এটি অস্বাভাবিক মৃত্যু। মৃতার মামা মনোতোষ বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমরা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত চাই।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুলিশকে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে সহযোগিতা করছে। অ্যাসিস্ট্যান্ট সুপার ডা. রাজশ্রী গুপ্তা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এই ঘটনা ঘটল, তা তদন্তেই স্পষ্ট হবে।”
পুলিশের প্রাথমিক অনুমান, বহুতল থেকে পড়ে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে। তবে তিনি নিজে ঝাঁপ দিয়েছেন নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সহকর্মী ও আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে জানিয়েছে পুলিশ।
শান্ত গোপালপুর এলাকায় এই ঘটনায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকেই দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
