ক্ষুদ্র উদ্যোগে বড় স্বস্তি: ২০ লক্ষ টাকা পর্যন্ত জামানত ছাড়াই ঋণ দিতে ব্যাংকগুলিকে নির্দেশ RBI-র
সঙ্কেত ডেস্ক: ক্ষুদ্র ও ছোট উদ্যোগ (MSE) খাতের জন্য বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সোমবার জারি করা সংশোধিত নির্দেশিকায় RBI জানিয়েছে, ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলি আর বাধ্যতামূলকভাবে কোনো জামানত বা কোল্যাটারাল চাইতে পারবে না।
RBI-র “Lending to Micro, Small & Medium Enterprises (MSME) Sector (Amendment) Directions, 2026” অনুযায়ী, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (PMEGP)-এর আওতায় অর্থায়ন পাওয়া সমস্ত ইউনিটকেও ২০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিতে ব্যাংকগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রকল্পটি খাদি ও গ্রামোন্নয়ন কমিশন (KVIC) পরিচালনা করে।
ব্যাংক নিয়ন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, কোনো MSE ইউনিটের আর্থিক অবস্থান ও ঋণ পরিশোধের ভালো রেকর্ড থাকলে ব্যাংকগুলি তাদের নিজস্ব নীতিমালার ভিত্তিতে জামানত ছাড়াই ঋণের সীমা ২৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়াতে পারে। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধাও নিতে পারবে ব্যাংকগুলি।
তবে ঋণগ্রহীতা স্বেচ্ছায় সোনা বা রুপো বন্ধক রাখতে চাইলে এবং সেই ঋণের পরিমাণ জামানতবিহীন সীমার মধ্যেই থাকে, তা এই নির্দেশ লঙ্ঘন হিসেবে ধরা হবে না বলেও স্পষ্ট করেছে RBI।
RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা এক বিবৃতিতে জানান, ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য আনুষ্ঠানিক ঋণের সুযোগ বাড়ানো, উদ্যোক্তা কার্যকলাপকে উৎসাহ দেওয়া এবং শেষ পর্যায় পর্যন্ত ঋণ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ১০ লক্ষ টাকা পর্যন্ত যে জামানতবিহীন ঋণের সীমা ছিল, তা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হল।
