চাকরির দাবিতে পোস্টকার্ড অভিযান, বেনাচিতি বাজারে বিজেপি যুব মোর্চার কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: চাকরির দাবিকে সামনে রেখে অভিনব কর্মসূচি নিল বিজেপি যুব মোর্চা। সোমবার দুর্গাপুরের ব্যস্ত বেনাচিতি বাজারে পোস্টকার্ড ও ড্রপ বক্স নিয়ে পথে নামেন বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বেকার যুবক-যুবতীদের চিঠি পাঠানোর আহ্বান জানানো হয় এই কর্মসূচিতে।

এদিন বেনাচিতি বাজারের কাইজার মোড় এলাকা থেকে কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই এবং যুব মোর্চার রাজ্যস্তরের নেতা পারিজাত গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। যুব মোর্চার কর্মীরা পথচলতি যুবক-যুবতীদের হাতে পোস্টকার্ড তুলে দিয়ে চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের বক্তব্য লিখে পাঠানোর অনুরোধ জানান।

বিজেপি নেতৃত্বের দাবি, গত পনেরো বছরে রাজ্যে বিপুল সংখ্যক যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সেই দাবিকেই সামনে রেখে পোস্টকার্ডের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হচ্ছে বলে জানান তারা। ড্রপ বক্স নিয়ে বাজার চত্বর ও আশপাশের এলাকায় ঘুরে ঘুরে পোস্টকার্ড সংগ্রহ করেন কর্মীরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে প্রায় এক লক্ষ পোস্টকার্ড পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে বেনাচিতি বাজার এলাকায় রাজনৈতিক তৎপরতা চোখে পড়ে এবং কর্মসংস্থান ইস্যুতে ফের রাজনৈতিক চাপানউতোরের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *