সঙ্কেত ডেস্ক: ভারতীয় রাজনীতির ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার, ২২ মার্চ, তিনি দেশের দীর্ঘতম সময় সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের নজির গড়লেন। প্রাক্তন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে এই শিরোপা এখন মোদীর দখলে। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী— এই দুই পদের সময়কাল মিলিয়ে তিনি আজ পা রাখলেন ৮,৯৩১তম দিনে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অর্জন কেবল সংখ্যার বিচার নয়, বরং দীর্ঘস্থায়ী জনসমর্থন ও নেতৃত্বের ধারাবাহিকতার প্রতিফলন। এর আগে পবন কুমার চামলিং মুখ্যমন্ত্রী হিসেবে মোট ৮,৯৩০ দিন দায়িত্ব সামলেছিলেন। রবিবার সেই গণ্ডি পেরিয়ে গেলেন মোদী। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জুলাই মাসেই তিনি ইন্দিরা গান্ধীকে টপকে দেশের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়েছিলেন। তবে একটানা প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরুর রেকর্ড এখনও অক্ষুণ্ণ রয়েছে।
ভাদনগরের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা নরেন্দ্র মোদীর এই দীর্ঘ রাজনৈতিক সফর বর্ণময়। রেলস্টেশনে বাবার সঙ্গে চা বিক্রিতে সাহায্য করা থেকে শুরু করে আরএসএস ও বিজেপির হাত ধরে মূলধারার রাজনীতিতে তাঁর উত্থান রূপকথার মতো। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক যাত্রা শুরু করে এক দশকেরও বেশি সময় সেই রাজ্যে ক্ষমতায় ছিলেন তিনি। এরপর ২০১৪ সালে দিল্লির মসনদ দখল এবং পর পর তিনবার লোকসভা নির্বাচনে দলকে জয় এনে দিয়ে নিজেকে অপরাজেয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
স্বাধীনতার পর জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মোদী একাধিক রেকর্ড নিজের ঝুলিতে পুরেছেন। ১৯৭১ সালের পর তিনিই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি পূর্ণ মেয়াদ শেষে ফের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন। বিশ্লেষকদের মতে, অ-কংগ্রেসি নেতা হিসেবে টানা দুই মেয়াদের বেশি সময় ধরে সরকারের প্রধান থাকা এবং ধারাবাহিকভাবে নির্বাচনী সাফল্য বজায় রাখা ভারতীয় গণতন্ত্রে এক বিরল ঘটনা। রবিবারের এই ঐতিহাসিক মুহূর্ত মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যোগ করল।