দুর্গাপুরে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের ‘ম্যারাথন’ তল্লাশি: বেনাচিতিতে ব্যবসায়ীর ডেরায় টানা ২১ ঘণ্টা অভিযান
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের শিল্পাঞ্চলে আয়কর হানা বা কেন্দ্রীয় সংস্থার তল্লাশি নতুন কিছু নয়, তবে এবার কেন্দ্রীয় গুডস এন্ড সার্ভিস ট্যাক্স (CGST) দপ্তরের দীর্ঘস্থায়ী অভিযানে শোরগোল পড়ে গেল শহরজুড়ে। দুর্গাপুর পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতি নতুনপল্লি এলাকায় এক পরিবহন ব্যবসায়ীর ভাড়া বাড়িতে হানা দিয়ে নজিরবিহীন তল্লাশি চালালেন আধিকারিকরা।
মঙ্গলবার বিকেল নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বেনাচিতির নতুনপল্লি এলাকায় পৌঁছান সিজিএসটি দপ্তরের একটি বিশেষ দল। তাঁদের নিশানায় ছিল স্থানীয় পরিবহন ব্যবসায়ী বাপি বাদ্যকরের একটি ভাড়া বাড়ি। সূত্রের খবর, কর ফাঁকি বা নথিপত্রে অসঙ্গতির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এই তল্লাশি চলে বুধবার দুপুর পর্যন্ত। প্রায় ২১ ঘণ্টারও বেশি সময় ধরে আধিকারিকরা বাড়ির ভেতরে নথিপত্র খতিয়ে দেখেন। অভিযানের সময় গোটা বাড়িটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখেন।
বাড়ির ভেতরে বাইরের কারোর প্রবেশ নিষিদ্ধ করা হয়। দীর্ঘ সময় ধরে নথিপত্র পরীক্ষা ও ডিজিটাল তথ্য সংগ্রহের কাজ করে আধিকারিকরা।
জনবহুল বেনাচিতি এলাকায় এত দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সংস্থার অভিযান চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়। ব্যবসায়ী বাপি বাদ্যকরের ব্যবসার ধরণ এবং কেন এই তল্লাশি, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে।
২১ ঘণ্টার তল্লাশি শেষে বুধবার দুপুরে আধিকারিকরা এলাকা ছাড়লেও, এই অভিযানের ফলাফল নিয়ে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সেখান থেকে কোনো নথি বা নগদ টাকা উদ্ধার হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।
