দুর্গাপুরে নামী মিষ্টির দোকানের খাবারে জ্যান্ত পোকা! ধোকলা খেয়ে অসুস্থ ক্রেতা, তুঙ্গে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর | ৭ই মার্চ, ২০২৬
দুর্গাপুর: শহরের আভিজাত্য আর ঐতিহ্যের তকমা লাগানো মিষ্টির দোকানের খাবারে এবার মিলল জ্যান্ত পোকা! দুর্গাপুরের অত্যন্ত পরিচিত মিষ্টান্ন প্রতিষ্ঠান-এর খাবার খেয়ে এক ব্যক্তির অসুস্থ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। অভিযোগ, অনলাইনে অর্ডার করা ধোকলার প্যাকেটে কিলবিল করছিল সাদা রঙের লম্বা লম্বা পোকা।
জানা গেছে, দুর্গাপুরের এক বাসিন্দা আজ পরিবারের জন্য অনলাইনের মাধ্যমে এক প্রখ্যাত মিষ্টির দোকান এর গুরুদুয়ারা ব্রাঞ্চ থেকে ধোকলা অর্ডার করেছিলেন। খাবারটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি শারীরিক অস্বস্তি ও অসুস্থতা বোধ করতে শুরু করেন। সন্দেহ হওয়ায় ধোকলার প্যাকেটটি ভালো করে পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ! দেখা যায়, ধোকলার ভেতরে এবং গায়ে সাদা রঙের বেশ কিছু লম্বা পোকা রয়েছে।
অসুস্থ ক্রেতা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, নামী দোকানের ওপর ভরসা করেই তিনি খাবার আনিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হবে তা কল্পনাও করেননি। নিম্নমানের এবং চরম অস্বাস্থ্যকর খাবার সরবরাহের অভিযোগ তুলে তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট মিষ্টান্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
শহরের অন্যতম নামী ব্র্যান্ড হওয়ার দরুন এই ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে— যদি বড় বড় আউটলেটের খাবারের এই দশা হয়, তবে সাধারণ মানুষ খাবে কী? যদিও এই গুরুতর অভিযোগ প্রসঙ্গে মিষ্টি দোকান কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খাদ্য সুরক্ষা দপ্তরের নজরদারি কোথায়?
দুর্গাপুরের মতো শহরে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই ধরণের নামী দোকান থেকে খাবার কেনেন, সেখানে নজরদারির অভাব নিয়েই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্রেতাদের দাবি, অবিলম্বে এই ধরণের প্রতিষ্ঠানের রান্নাঘর এবং খাবারের মান পরীক্ষা করা উচিত প্রশাসনের।
