দুর্গাপুরে শব্দবাজ ও ‘আগুনঝরা’ বাইকের বিরুদ্ধে কড়া ট্রাফিক অভিযান

নিজস্ব প্রতিনিধি:শিল্পাঞ্চল জুড়ে বিকট শব্দ আর সাইলেন্সার থেকে আগুনের ফুলকি ছোড়া বাইকের দৌরাত্ম্যে অতিষ্ঠ হচ্ছিলেন বাসিন্দারা। শনিবার সন্ধ্যায় সেই সমস্যায় লাগাম টানতে দুর্গাপুরের গান্ধী মোড়ে বিশেষ অভিযান চালাল আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় বেআইনি সাইলেন্সার লাগিয়ে বিকট শব্দ তোলা এবং এক্সহস্ট থেকে আগুনের ফুলকি ছোড়ার অভিযোগ আসছিল। এতে আতঙ্কিত হচ্ছিলেন পথচারী ও অন্যান্য গাড়িচালকরা। অভিযোগের ভিত্তিতেই এদিন অভিযান চালিয়ে একাধিক শব্দবাজ বাইক আটক করা হয়। যেসব বাইকে পরিবর্তিত সাইলেন্সার বা আগুন ছোড়া এক্সহস্ট ছিল, সেগুলির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক চালকদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। ট্রাফিক ইন্সপেক্টর–৩ সন্তোষ ভকত জানান, “শহরে এই ধরনের বেআইনি সাইলেন্সার বা আগুন ছোড়া বাইকের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না। আগামী দিনে ধরা পড়লে শুধু সতর্কবার্তা নয়, সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল ও গাড়ি আটক করা হবে।”

পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, নিয়মিত এমন অভিযান চললে দুর্গাপুরে রাতের শব্দদূষণ ও আতঙ্ক অনেকটাই কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *