দুর্গাপুরে 5K ম্যারাথন, ‘রান ফর ডায়াবেটিস’-এর সঙ্গে যোগ হলো পরিবেশ বার্তা

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ও জংশন মলের উদ্যোগে, ডিএসএমএস কলেজ এবং দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের সহযোগিতায় রবিবার সকালে জংশন মল প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত হলো ‘দুর্গাপুর 5K ম্যারাথন’। স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতেই এই দৌড়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, অভিনেত্রী ঋতুপর্ণা বসাক সহ আয়োজক সংস্থার প্রতিনিধিরা। সবুজ পতাকা দেখিয়ে দৌড়ের সূচনা করা হয়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, গত দু’বছর ধরে ‘রান ফর ডায়াবেটিস’ থিমে এই ম্যারাথন আয়োজিত হলেও এ বছর তার সঙ্গে যুক্ত হয়েছে ‘রান ফর এনভায়রনমেন্ট’। শহরবাসীর মধ্যে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।

পুরুষ ও মহিলা—দুই বিভাগে মোট প্রায় ১০০০ জন প্রতিযোগী অংশ নেন। দুই বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকার পুরস্কার রাখা হয়। এছাড়া পাঁচ কিলোমিটার দৌড় সম্পূর্ণকারী প্রত্যেক অংশগ্রহণকারীকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়।

রবিবার সকালে শহরের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদরা জংশন মল চত্বরে জড়ো হন। তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন। আয়োজকদের মতে, আগামী বছর আরও বড় পরিসরে এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *