পশ্চিম বর্ধমান জুড়ে ইডির অভিযান, বালি ব্যবসা ঘিরে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদন:দুর্গাপুরে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা। সকাল থেকেই এই অভিযান চলছে বলে জানা গেছে।
একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকাতেও ইডির পক্ষ থেকে সমান্তরাল অভিযান চালানো হচ্ছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট বাড়িগুলিতে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
অভিযানের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে সেপকো টাউনশিপ ও পাণ্ডবেশ্বর—দু’টি এলাকাতেই বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এর জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা ছড়িয়েছে।
এছাড়াও এদিন সকাল-সকাল কলকাতা থেকে ইডির আধিকারিকরা জামুড়িয়ায়ও আসেন। সেখানে পঞ্জাবি মোড়ের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চলছে। তল্লাশি চালানো হচ্ছে তাঁর দুই ছেলের বাড়িতেও। তাছাড়াও পঞ্জাবি মোড়ের একটি গুদাম এবং হার্ডওয়্যার দোকানে তল্লাশি চালানো হচ্ছে। সেইসঙ্গে পান্ডবেশ্বরের নবগ্রাম এবং জামুড়িয়া হাটতলায় ইডির অভিযান চলছে বলে সূত্রের খবর।
এই অভিযানের সুনির্দিষ্ট কারণ এবং তদন্তের পরিধি ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বালি ব্যবসা সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
