দুর্গাপুর: ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব নেবে সিএবি
নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব নেওয়ার ঘোষণা করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি ও প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টেডিয়ামের ড্রেসিংরুমসহ সার্বিক পরিকাঠামো আধুনিকীকরণের কাজ সিএবি পরিচালনা করবে বলে তিনি জানান।
দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভালের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি জানান, উন্নয়নের পর ভগৎ সিং ক্রীড়াঙ্গনে নিয়মিতভাবে সিএবির পুরুষ ও মহিলা ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হবে। এর ফলে দুর্গাপুরে রাজ্যস্তরের ক্রিকেট কার্যকলাপ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ঘোষণায় খুশি দুর্গাপুরের ক্রীড়া মহল ও প্রশাসন। দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “বাংলার মহারাজের এই ঘোষণা দুর্গাপুরবাসীর কাছে অত্যন্ত গর্বের। এর ফলে শহরের ক্রীড়া পরিকাঠামো যেমন উন্নত হবে, তেমনই নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য আরও সুযোগ তৈরি হবে।”
এই উদ্যোগ দুর্গাপুরকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তুলবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
