নিট পিজি ২০২৫: শূন্য পার্সেন্টাইলেও সুযোগ! কাট-অফ কমায় তুঙ্গে বিতর্ক
সঙ্কেত ডেস্ক: দেশের চিকিৎসা শিক্ষায় নজিরবিহীন সিদ্ধান্ত। নিট পিজি (NEET PG 2025) পরীক্ষায় নেগেটিভ বা ঋণাত্মক নম্বর পেলেও এবার মিলতে পারে এমডি (MD) বা এমএস (MS) পড়ার সুযোগ। সম্প্রতি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (NBEMS) এবং স্বাস্থ্য মন্ত্রকের এক নির্দেশিকায় কাট-অফ বা কোয়ালিফাইং পার্সেন্টাইল ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।
রাউন্ড-২ কাউন্সেলিংয়ের পর দেশজুড়ে প্রায় ১৮,০০০ পিজি আসন খালি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সংশোধিত নিয়মে সংরক্ষিত বিভাগ (SC/ST/OBC): কাট-অফ নামিয়ে আনা হয়েছে ০ (শূন্য) পার্সেন্টাইলে। অর্থাৎ, ৮০০-এর পরীক্ষায় যাঁরা -৪০ নম্বর পেয়েছেন, তাঁরাও এখন কাউন্সেলিংয়ে বসার যোগ্য। সহজ কথায়, পরীক্ষায় অংশগ্রহণ করলেই সংরক্ষিত প্রার্থীরা লেফটওভার সিটের জন্য আবেদন করতে পারবেন।
সাধারণ ও EWS দের জন্য কাট-অফ ৫০ পার্সেন্টাইল থেকে কমিয়ে মাত্র ৭ পার্সেন্টাইলে আনা হয়েছে (সংশোধিত স্কোর ১০৩)। সাধারণ বিভাগের প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কাট-অফ ৫ পার্সেন্টাইলে নামানো হয়েছে।বিশেষজ্ঞদের মতে, মূলত বেসরকারি ও ডিমড বিশ্ববিদ্যালয়গুলিতে প্রচুর আসন খালি পড়ে থাকায় সরকারের ওপর চাপ তৈরি হয়েছিল। ১০০ শতাংশ আসন পূরণ করার লক্ষ্যেই এই কাট-অফ কমানো হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-ও সিট খালি থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
অন্য দিকে সরকারের এই পদক্ষেপে চিকিৎসকদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যে প্রার্থীরা ইতিমধ্যেই এমবিবিএস (MBBS) পাস করে এসেছেন, তাঁদের মান নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। শূন্য সিট অপচয় হওয়ার চেয়ে সেগুলি পূরণ হওয়া দেশের স্বাস্থ্য পরিকাঠামোর জন্য ভালো।
তবে চিকিৎসকদের একটি বড় অংশ এবং বিভিন্ন মেডিকেল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাঁদের অভিযোগ, নেগেটিভ নম্বর পাওয়া প্রার্থীদের বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার সুযোগ দিলে চিকিৎসার গুণগত মান এবং শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকবে। অনেকের মতে, এর ফলে আদতে লাভবান হবে বেসরকারি কলেজগুলি, যেখানে বিপুল টাকার বিনিময়ে কম মেধার ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
মেধাবী সাধারণ প্রার্থীদের প্রতি এটি এক চরম অবিচার বলেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেক হবু ডাক্তার। গত বছরও (২০২৩) একইভাবে কাট-অফ কমিয়ে শূন্য করা হয়েছিল, যা নিয়ে আদালত পর্যন্ত জল গড়িয়েছিল।
