নির্বাচনের আগে বাংলায় নতুন রাজ্যপাল, দায়িত্ব নিলেন আর. এন. রবি

সঙ্কেত ডেস্ক:পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন অভিজ্ঞ প্রাক্তন আইপিএস অফিসার আর. এন. রবি। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতার লোকভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।

গত বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছন নবনিযুক্ত রাজ্যপাল। এর আগে ৫ মার্চ হঠাৎ করেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সি. ভি. আনন্দ বোস। তাঁর পদত্যাগকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদত্যাগের পিছনে “রাজনৈতিক ষড়যন্ত্রের” অভিযোগ তুলেছিলেন। যদিও দিল্লি যাওয়ার আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বোস বলেন, তাঁর উত্তরসূরি আর. এন. রবি একজন দক্ষ ও বিচক্ষণ প্রশাসক এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি যথেষ্ট সক্ষম।

১৯৫২ সালে বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন রবীন্দ্র নারায়ণ রবি। ১৯৭৬ সালে কেরালা ক্যাডারের আইপিএস অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। কর্মজীবনে সিবিআই এবং ইন্টেলিজেন্স ব্যুরোর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান এবং ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করেন।

২০১৯ সালে নাগাল্যান্ডের রাজ্যপাল হন রবি। পরে ২০২১ সালে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। সেখানে রাজ্য সরকারের সঙ্গে একাধিক সাংবিধানিক মতভেদের জেরে তিনি জাতীয় রাজনীতিতেও আলোচনায় উঠে আসেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে তাঁর আগমন রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *