নিজস্ব প্রতিনিধি,পাণ্ডবেশ্বর: ভোটের আগে মাটির লড়াইয়ে গতি বাড়াল তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভায় মঙ্গলবার জেমুয়া গ্রামে জোরকদমে প্রচার সারলেন প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।
দিনের শুরুতেই গ্রামসংলগ্ন কালী মন্দিরে পুজো দেন তিনি। তারপর বাজনা বাজিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে গ্রাম পরিক্রমা। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, হাত মেলানো, সমস্যার কথা শোনা—সব মিলিয়ে প্রচারে ছিল উৎসবের আমেজ।
এই প্রচারের মাঝেই ধরা পড়ে বড় রাজনৈতিক সরে আসার ছবি। প্রার্থীর উপস্থিতিতেই ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন মোট ৫৭টি পরিবার। দলীয় পতাকা হাতে তাঁদের স্বাগত জানানো হয়।
তৃণমূল প্রার্থীর দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজের ওপর ভরসা রেখেই সাধারণ মানুষ দলে ভিড়ছেন। বিরোধীদের সংগঠন দুর্বল হওয়াকেই এই যোগদানের অন্যতম কারণ বলেও ইঙ্গিত তাঁর।
অন্যদিকে, এত সংখ্যক পরিবারের দলবদলকে ঘিরে পাণ্ডবেশ্বর জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ভোটের আগে এই সমীকরণ বদল কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।