বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরি নিয়ে রাজনৈতিক তরজা, চাঞ্চল্য দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডে
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় ভাঙচুর ও চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ডাঙাপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি কর্মী ও নেতৃত্ব।
বিজেপির অভিযোগ, শনিবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুরের পর পুরো কার্যালয়টিই চুরি করে নিয়ে যাওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, ওই কার্যালয় থেকে এসআইআর সংক্রান্ত কাজকর্ম পরিচালিত হচ্ছিল। পাশাপাশি এলাকার মানুষের সমস্যার কথা শোনা এবং বিভিন্ন বিষয়ে সহায়তা করা হচ্ছিল।
এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, “এলাকার তৃণমূলের কর্মী-সমর্থকরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।”
যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দীপঙ্কর লাহার বলেন, “এই ধরনের কোনও অস্থায়ী কার্যালয় ছিল বলে আমার জানা নেই। এটা বিজেপির নিজেদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূলের কেউ এই ধরনের কাজ করবে না।”
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
