বিশ্বজয়ের উল্লাসে বিপত্তি সিটি সেন্টারে, ইট মেরে যুবকের নাক ফাটানোর অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বজয়ের আনন্দ ম্লান হলো রক্তক্ষয়ী সংঘর্ষে। শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে হওয়া বচসার জেরে এক যুবকের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার গোষ্ঠপাল সরণিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয় উদ্যাপন করতে গোষ্ঠপাল সরণির কয়েকজন যুবক রাস্তায় শব্দবাজি ফাটাচ্ছিলেন। সেই সময় বাজি ফাটানোর তীব্রতা ও শব্দ নিয়ে প্রতিবাদ জানান নয়নাংশু ভট্টাচার্য নামে এক ব্যক্তি। এই নিয়ে যুবকদের সঙ্গে তাঁর প্রবল কথা কাটাকাটি শুরু হয়।
অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে নয়নাংশু বাবু একটি ইট দিয়ে সৌগত দাশগুপ্ত নামে এক যুবককে সজোরে আঘাত করেন। ইটের আঘাতে সৌগতর নাক ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সৌগতকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আক্রান্ত যুবক সৌগত দাশগুপ্ত জানিয়েছেন “ভারতের জয় উদ্যাপন করছিলাম আমরা। সেই সময় আচমকাই আমাদের ওপর চড়াও হওয়া হয়। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর আমি অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করব।”
প্রাথমিকভাবে পুলিশ ঘটনার খোঁজখবর শুরু করেছে। তবে হাসপাতাল থেকে সৌগতবাবু ছাড়া পাওয়ার পর এবং লিখিত অভিযোগ জমা পড়ার পরেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় গোষ্ঠীপাল সরণি এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।
