বেলডাঙার অশান্তি নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ

সঙ্কেত ডেস্ক: বেলডাঙায় সাম্প্রতিক অশান্তি নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার চাইলে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। একই সঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসক (DM) ও পুলিশ সুপারকে (SP) এলাকার নিরাপত্তা নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছে আদালত।

শুনানির সময় বেলডাঙার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে এলাকায় বেলাগাম নৈরাজ্য চলেছে। এই ঘটনায় সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি বিপন্ন হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতিরা। পাশাপাশি বাহিনী ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের পরস্পরবিরোধী অবস্থানেরও সমালোচনা করা হয়। আদালতের স্পষ্ট বার্তা, সাধারণ মানুষের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

হাইকোর্ট জানায়, পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারে। সে ক্ষেত্রে কেন্দ্র সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে মুর্শিদাবাদ জেলায় বর্তমানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীকেই বেলডাঙায় কাজে লাগানো যেতে পারে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও উল্লেখ করেছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার চাইলে এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দিতে পারে। জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের ওপর বর্তায় বলে সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এলাকার শান্তি ফেরাতে এবং নিরাপত্তা জোরদার করতে জেলা প্রশাসনকে আরও সক্রিয় ও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *