ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত
নিজস্ব প্রতিনিধি,আসানসোল: ঘোষণা অনুযায়ী, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি পর্ব আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
শুক্রবার আসানসোল জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নবালাম জানান, রাজ্যের অন্যান্য অংশের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও শনিবার থেকেই এই শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে। এই পর্বে তাঁদেরই শুনানির জন্য ডাকা হচ্ছে, যাঁদের নাম শুমারি ফর্ম জমা দেওয়ার সময় ২০০২ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। জেলায় এমন ভোটারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার বলে তিনি জানান।
জেলাশাসক স্পষ্ট করেন, যাঁদের নামের ক্ষেত্রে ত্রুটি যুক্তিসঙ্গত, তাঁদের এই মুহূর্তে শুনানির জন্য ডাকা হচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে জেলা প্রশাসনের কাছে এখনও কোনো নির্দেশিকা আসেনি। সংশ্লিষ্ট ভোটাররা স্থানীয় বুথ লেভেল অফিসারদের (বিএলও) মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন। এ জন্য বিএলও-দের মোবাইল ফোনে একটি বিশেষ অ্যাপ আপলোড করা হয়েছে।
তিনি আরও জানান, পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের মোট ৪২টি কেন্দ্রে এই শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি কেন্দ্রগুলির বিস্তারিত তথ্য ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে।
শুনানির নোটিশ পাওয়ার পরও যদি কোনো ভোটার ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজের নামের সংযোগ খুঁজে পান, সেক্ষেত্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) বিষয়টিকে ‘ম্যাপিং কেস’ হিসেবে বিবেচনা করবেন এবং সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে কোনো নথি চাওয়া হবে না।
এছাড়াও, যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চান, তাঁদের ফর্ম ৬ পূরণ করতে হবে। আর যাঁদের নামের বানান বা অন্যান্য তথ্যে ভুল রয়েছে, তাঁদের ফর্ম ৮ পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
