ভোটার তালিকা নিয়ে ক্ষোভ: জেমুয়ায় এসআইআর ইস্যুতে সরব আইএসএফ,বিধানসভা ভোটের আগে চড়ছে পারদ
নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমান জেলায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এবার ভোটার তালিকায় ‘এসআইআর’ (SIR) বা বিশেষ তদন্তাধীন নামের তালিকা ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে। এই ইস্যুকে হাতিয়ার করে শুক্রবার বিকেলে এলাকায় বড়সড় বিক্ষোভ মিছিল সংগঠিত করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।
আইএসএফ নেতৃত্বের দাবি, জেমুয়া গ্রামে প্রায় ৩৫০ জন গ্রামবাসীর নাম বর্তমানে এসআইআর-এর বিচারাধীন তালিকায় রয়েছে। এর ফলে ওই বাসিন্দাদের ভোটাধিকার নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।
শুক্রবার বিকেল ৪টে নাগাদ জেমুয়া গ্রামে প্রতিবাদ মিছিল বের করেন আইএসএফ কর্মীরা। ব্যানার ও দলীয় পতাকা হাতে নিয়ে এলাকায় পরিক্রমা করেন তাঁরা। এদিনের এই কর্মসূচিতে অগ্রভাগে ছিলেন শেখ আজাহার, শেখ শরিফুল
শেখ ইমতিয়াজ প্রমুখ।মিছিল থেকে স্লোগান তোলা হয় যে, দ্রুত এই এসআইআর সমস্যার সমাধান করে প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য ভোটের মুখে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে এমনিতেই শাসক-বিরোধী তরজা চলছে। তার মধ্যে পাণ্ডবেশ্বরের মতো স্পর্শকাতর এলাকায় আইএসএফ-এর এই সক্রিয়তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে যখন ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের কাজ চলছে, তখন ‘এসআইআর’ তকমা দিয়ে নাম আটকে রাখা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী শিবির।
প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্বাচনের আগে জেমুয়ার এই বিক্ষোভ যে পাণ্ডবেশ্বরের রাজনৈতিক সমীকরণকে আরও তপ্ত করবে, তা বলাই বাহুল্য।
