ভোটার তালিকা প্রকাশে আরও দেরি, পশ্চিমবঙ্গে চূড়ান্ত তালিকা ২৮ ফেব্রুয়ারি
সঙ্কেত ডেস্ক:পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ আবারও পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশে স্ক্রুটিনির সময়সীমা বাড়ানোয় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) প্রক্রিয়ার মেয়াদ বাড়ছে। নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকার ভিত্তিতেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রাথমিকভাবে ৭ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা ছিল। পরে তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়। তবে সুপ্রিম কোর্ট স্ক্রুটিনি প্রক্রিয়ায় অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশ দেওয়ায় নতুন করে সময়সূচি বদলাতে হয়েছে। কমিশন জানিয়েছে, SIR সংক্রান্ত শুনানি ১৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে। এরপর নথিপত্রের স্ক্রুটিনি ও নিষ্পত্তির কাজ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। সব প্রক্রিয়া শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ভোটের নির্ঘণ্ট ঘোষণাও কিছুটা পিছোতে পারে। একটি মহলের দাবি, ২ মার্চের পর পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হতে পারে। যদিও কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
ভোটের দফা নিয়েও জল্পনা বাড়ছে। প্রথমে একদফায় ভোটের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও এখন তা কার্যত অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সময় কম থাকায় এ বার তুলনামূলক কম দফায় ভোট হতে পারে। গতবার ২০২১ সালে পশ্চিমবঙ্গে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সূচি ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু এ বার SIR প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় মার্চের আগে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে কমিশনকে কম সময়ের মধ্যেই সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করতে হবে।
এখন নজর ১৪ ফেব্রুয়ারির দিকে, যখন SIR শুনানির প্রক্রিয়া শেষ হবে। তার পরই স্পষ্ট হবে ভোটার তালিকা চূড়ান্ত করা ও নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরবর্তী ধাপ।
