ভোটের দামামা দুর্গাপুরে: নামল কেন্দ্রীয় বাহিনী, মেনগেট চত্বরে রুট মার্চে জওয়ানরা

নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, বাংলায় নির্বাচনী তৎপরতা তুঙ্গে। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই শিল্পাঞ্চল দুর্গাপুরে পা রাখল কেন্দ্রীয় বাহিনী। আজ, শনিবার থেকে পশ্চিম বর্ধমান জেলার এই গুরুত্বপূর্ণ শহরে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোটারদের মনে সাহস জোগানোর চেষ্টায় শনিবার সকালে দুর্গাপুর থানার পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মূলত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সংলগ্ন মেনগেট এলাকা এবং তার পার্শ্ববর্তী স্পর্শকাতর অঞ্চলগুলিতে বিশেষ টহল দেওয়া হয়। বাহিনীর জওয়ানরা কেবল মার্চ করেই ক্ষান্ত থাকেননি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার ভৌগোলিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

প্রশাসন সূত্রে খবর, নির্বাচনের অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মূল উদ্দেশ্য হলো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস জাগানো। গত কয়েক বছরে ভোটের সময় হওয়া অশান্তির স্মৃতি মাথায় রেখে এবার অনেক আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দুর্গাপুরকে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “সাধারণ মানুষ যাতে নির্ভয়ে বুথমুখী হতে পারেন এবং কোনো চাপের মুখে না পড়েন, সেটাই আমাদের অগ্রাধিকার।”

অন্যদিকে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মার্চ করতে দেখে খুশি সাধারণ বাসিন্দারা। মেনগেট এলাকার এক দোকানদারের কথায়, “আগে থেকে বাহিনী আসায় আমরা অনেকটা আশ্বস্ত বোধ করছি। আশা করি এবার শান্তিতে ভোট দিতে পারব।” বাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করতে তারা দায়বদ্ধ।

পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল এলাকা রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয়। তাই দুর্গাপুর, আসানসোল ও তৎসংলগ্ন এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আগামী কয়েক দিনে জেলার অন্যান্য স্পর্শকাতর এলাকাগুলোতেও এই রুট মার্চ জারি থাকবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *