ভোটের দামামা বঙ্গে! ৩ দিনের সফরে কলকাতায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ, নজরে নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, সাজসাজ রব শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই ৩ দিনের সফরে ৮ মার্চ রবিবার রাতে কলকাতায় পৌঁছচ্ছে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই শক্তিশালী প্রতিনিধি দলে থাকছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু, নির্বাচন কমিশনার বিবেক জোশী সহ কমিশনের একাধিক সিনিয়র আধিকারিক।
৮ মার্চ রাতে কলকাতায় পৌঁছনোর পর ৯ মার্চ থেকে ম্যারাথন বৈঠক শুরু করবে কমিশন,প্রথমেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। তাঁদের অভাব-অভিযোগ ও পরামর্শ শোনা হবে।ওই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল নির্বাচনী প্রস্তুতি ও SIR (State Inspection Report) সংক্রান্ত প্রেজেন্টেশন দেবেন।
১০ মার্চ সকাল ১০টা থেকে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং ভারপ্রাপ্ত ডিজি পীযুষ পাণ্ডের সঙ্গে বৈঠক হবে।
এছাড়াও জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং বুথ স্তরের কর্মীদের সঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবে কমিশন।
উল্লেখ্য নির্বাচন কমিশন সাধারণত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের গ্রাউন্ড রিয়েলিটি বা বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে। তাই ৮ থেকে ১০ মার্চের এই সফর শেষে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *