ভোটের মুখে পদ্ম-শিবিরে বড় ভাঙন: দুর্গাপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে কয়েক ডজন কর্মী
নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর: লোকসভা ভোটের দামামা বাজতেই শিল্পনগরী দুর্গাপুরে চড়ছে রাজনৈতিক পারদ। ঘর গোছাতে মরিয়া সব পক্ষই। তবে ভোটের মুখে দুর্গাপুরে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। সোমবার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে একঝাঁক কর্মী-সমর্থক ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সোমবার বিকেলে দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে একটি বিশেষ যোগদান সভার আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী, ওই সভায় বিজেপি ছেড়ে ১২ থেকে ১৫টি পরিবারের প্রায় ২৫-৩০ জন সক্রিয় কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। মূলত হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার এই কর্মীরা এখন থেকে জোড়াফুল শিবিরের হয়ে ময়দানে নামবেন।
তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নের জোয়ার দেখেই সাধারণ মানুষ তৃণমূলের ওপর আস্থা রাখছেন। রাজীব ঘোষ জানান”মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়েই মানুষ বিজেপি ছাড়ছেন। এটা তো কেবল শুরু, আগামী দিনে দুর্গাপুরে আরও বড় মাপের যোগদান আমরা দেখতে পাব।”
অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্ব অবশ্য এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, যারা দল ছেড়েছেন তারা আদতে বিজেপির সক্রিয় কর্মীই নন। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই দাবি নিছকই নির্বাচনী গিমিক। তবে ভোটের আগে এক বুথ থেকে ২৫-৩০ জনের দলবদল নিশ্চিতভাবেই স্থানীয় রাজনৈতিক সমীকরণে কিছুটা হলেও প্রভাব ফেলবে।
