ভোটের মুখে সোলার লাইট বসানো ঘিরে বিতর্ক, বিধি লঙ্ঘনের অভিযোগে কাঠগড়ায় বিজেপি বিধায়ক
নিজস্ব প্রতিনিধি:নির্বাচন ঘোষণা হওয়ার পর উন্নয়নমূলক কাজ শুরু করা নিয়ে বিতর্কে জড়ালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক Lakhan Ghorui। রবিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার চাষীপাড়া এলাকায় বিধায়কের নাম লেখা সোলার লাইট বসানোর উদ্যোগকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন ঘোষণার পর আচমকাই কিছু কর্মী এলাকায় এসে সোলার লাইট বসানোর কাজ শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তাঁদের দাবি, গত পাঁচ বছরে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ককে খুব একটা দেখা যায়নি, অথচ ভোটের মুখে নানা প্রকল্পের মাধ্যমে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কর্মীদের সোলার লাইট নিয়ে সেখান থেকে সরে যেতে হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।
এ প্রসঙ্গে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর অভিযোগ করেন, “ভোটের আগে মানুষকে প্রভাবিত করার জন্য নির্বাচন বিধি লঙ্ঘন করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাব।”
অন্যদিকে অভিযোগ উড়িয়ে দিয়ে বিধায়ক Lakhan Ghorui দাবি করেন, এই প্রকল্পের বরাদ্দ আগেই হয়েছিল এবং সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাই কাজ শুরু করেছিল। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল এই কাজ আটকে দেওয়ার চেষ্টা করছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
