মঙ্গলের রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, আতঙ্ক শহরজুড়ে
সঙ্কেত ডেস্ক:মঙ্গলের রাতে হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিট নাগাদ মৃদু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। আচমকা কম্পনে আতঙ্ক ছড়ায় শহরবাসীর মধ্যে। বহু মানুষ নিরাপত্তার কথা ভেবে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, শহরের একাধিক বহুতলে সিলিং ফ্যান দুলতে দেখা যায়। বিশেষ করে উঁচু আবাসনে কম্পন বেশি অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প স্থায়ী ছিল বলে জানা গিয়েছে।
সিসমো ডেটেক্টরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। মায়ানমারের ইয়েনানগুয়াং থেকে প্রায় ৯৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের এপিসেন্টার। এই কম্পনের প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে হঠাৎ ভূমিকম্পে ফের একবার আতঙ্কে রাত কাটাল কলকাতাবাসী। উল্লেখ্য, এর আগেও গত ২১ নভেম্বর কলকাতায় তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা শহরবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়েছিল।
প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
