নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: মেধা, সৃজনশীলতা ও অধ্যবসায়ের স্বীকৃতিতে আয়োজিত হল দিল্লি পাবলিক স্কুল, দুর্গাপুরের একাদশ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘রেভারেন্স’। শনিবার শহরের সৃজনী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পড়াশোনা, ক্রীড়া, সংস্কৃতি ও সহ-পাঠ্যক্রমিক নানা ক্ষেত্রে কৃতী পড়ুয়াদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ADDA-র সিইও তথা আইএএস আধিকারিক বিবেক কুমার। পড়ুয়াদের উপস্থাপনার প্রশংসা করে তিনি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধকে জীবনের সাফল্যের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ-আইরিশ মডেল, অভিনেত্রী ও প্রাক্তন ‘মিস আয়ারল্যান্ড’ আলেকজান্দ্রা টেলর। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে পড়ুয়াদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দেন তিনি।
ডিপিএস দুর্গাপুরের প্রো-ভাইস চেয়ারম্যান তথা ওম দয়াল এডুকেশনাল অ্যান্ড রিসার্চ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ড. সঞ্জীব আগরওয়াল বলেন, সাফল্য কোনও চূড়ান্ত গন্তব্য নয়, বরং শেখা ও আত্মউন্নয়নের ধারাবাহিক যাত্রা। উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক সাগর আগরওয়াল-সহ বিশিষ্টরা।
মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রকাশিত হয় বিদ্যালয়ের বার্ষিক মুখপত্র ‘শেডস’। পুরস্কার বিতরণের পাশাপাশি ‘নবরস—শেডস অফ সোল’ নৃত্যনাট্য দর্শকদের মুগ্ধ করে। অধ্যক্ষ উমেশ চন্দ জয়সওয়াল জানান, পুরস্কারের পাশাপাশি পড়ুয়াদের চরিত্র, মূল্যবোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলাই বিদ্যালয়ের লক্ষ্য। শেষে হেড গার্ল দেবাংশী চক্রবর্তীর ধন্যবাদ জ্ঞাপনে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
