‘সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন’, দুর্গাপুরে প্রতিদ্বন্দ্বীকে বেনজির আক্রমণ লক্ষণ ঘড়ুইয়ের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: চৈত্রের চড়া রোদেও খামতি নেই রাজনৈতিক উত্তাপে। দুর্গাপুর পশ্চিমের নির্বাচনী লড়াই ঘিরে এবার পারদ চড়ল শিল্পাঞ্চলে। ১১ নম্বর ওয়ার্ডের কুরুলিয়া ডাঙ্গায় প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী কবি দত্তকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। প্রতিদ্বন্দ্বীকে ‘সোনার চামচ মুখে দিয়ে জন্মানো বড়লোকের নেতা’ বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দুর্নীতির একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি।
জয় বাংলা’ বনাম গেরুয়া হুঙ্কার
শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার শুরু করেন লক্ষণ ঘড়ুই। তবে প্রচারের মাঝেই তৈরি হয় উত্তেজনা। বিজেপি প্রার্থীকে দেখা মাত্রই এলাকার কিছু মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে সাময়িক টানাপড়েন সৃষ্টি হয়। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে টাকা দিয়ে এই স্লোগান দেওয়ানোর ব্যবস্থা করেছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
দুর্নীতির অভিযোগে বিদ্ধ এডিডিএ চেয়ারম্যান
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষণ বাবু সরাসরি তোপ দাগেন এডিডিএ-র (ADDA) চেয়ারম্যান তথা তৃণমূল প্রার্থী কবি দত্তর বিরুদ্ধে। তাঁর বক্তব্য,”উনি তো ব্যবসায়ী, ব্যবসা করবেনই! দিদি প্রার্থী করেছেন কিন্তু ওনার কোনো অভিজ্ঞতা নেই। তৃণমূলের পুরনো বা প্রকৃত কর্মীরা কেউ ওনার সাথে নেই। ওনার সাথে ঘুরছে কিছু প্রোমোটার, দালাল আর খুনের মামলার আসামিরা।”বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন কবি দত্ত সাধারণ মানুষের উন্নয়নের চেয়ে নিজের হোটেলের ব্যবসায় বেশি নজর দিয়েছেন। বাসস্ট্যান্ড ভেঙে অবৈধ হোটেল নির্মাণ এবং কোটি কোটি টাকার সম্পত্তি করার অভিযোগও তুলেছেন তিনি।
স্থানীয় ইস্যু ও উন্নয়নের খতিয়ান
এলাকার জলকষ্ট, বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থার অভাবকে হাতিয়ার করে লক্ষণ ঘড়ুই বলেন, গত ৫ বছরে সাধারণ মানুষ ঘর বা জমি পায়নি। এলাকায় ড্রেন পরিষ্কার হয় না, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।২০১৭ সালের পুরভোটে বহিরাগত গুন্ডাদের দিয়ে ভোট লুঠের স্মৃতি দুর্গাপুরের মানুষ ভোলেনি।সবশেষে তাঁর দাবি, দুর্গাপুরের মানুষ এবার ‘তৃণমূলমুক্ত বাংলা’ গড়ার ডাক দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *