‘স্বাস্থ্যসাথী গরিবের রক্ষা কবচ’, কার্নিভালের উদ্বোধনে মন্তব্য পরমব্রতের
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: শিল্পাঞ্চল দুর্গাপুরের বুকে এক অভিনব স্বাস্থ্য উৎসবের সাক্ষী থাকল শহরবাসী। একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘স্বাস্থ্য কার্নিভাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে এই কার্নিভালের সূচনা করেন পরমব্রত। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “স্বাস্থ্যসাথী কার্ড সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির বিষয়। এই প্রকল্পের মাধ্যমেই বহু মানুষ আজ ব্যয়বহুল চিকিৎসার সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্ট হাসপাতালটি এই পরিষেবা সফলভাবে কার্যকর করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।” তাঁর বক্তব্যে বারেবারে উঠে আসে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার অধিকারের কথা।
এদিনের এই অনুষ্ঠানে অভিনেতা পরমব্রতের পাশাপাশি উপস্থিত ছিলেন, ডিএমসির বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্নিভাল কেবল উদযাপনের জন্য নয়, বরং জনসেবার এক মঞ্চ। কার্নিভালে হার্টের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অর্থোপেডিক (হাঁটু ও কোমর) এবং নারী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি রোগীদের পরামর্শ দিচ্ছেন।শিশুদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ জোন, যেখানে খেলাধুলা ও আনন্দের ছলে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা হচ্ছে।এছাড়াও মহিলাদের জন্য পুষ্টিকর ও সুস্বাদু রান্নার কৌশল তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘হেলদি কুকিং প্রতিযোগিতা’, যেখানে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
স্বাস্থ্যের পাশাপাশি এই কার্নিভালে বিনোদনের জোয়ার আনতে উপস্থিত থাকছেন জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘ভূমি’-র অন্যতম প্রধান মুখ সৌমিত্র রায়। সংগীত ও স্বাস্থ্যের এই মেলবন্ধন উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে।
শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষের জন্য এমন নিখরচায় উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং বিনোদনের মিশেল সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন শহরবাসী।
