স্বাস্থ্য ভবন অভিযানে আটকে দেওয়ার প্রতিবাদে মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ আশাকর্মীদের
দুর্গাপুর:: দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে ঢুকে পড়লেন আশা কর্মীরা। ন্যায্য দাবিকে সামনে রেখে বুধবার দুপুরে মহকুমা শাসক দপ্তরের মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভ চলাকালীন আশা কর্মীরা দপ্তরের ভিতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে এবং দুর্গাপুর নগর নিগমের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। উত্তেজনার মধ্যেই গেট ধাক্কা দিয়ে দপ্তরের ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এরপর মহকুমা শাসক দপ্তরের ভিতরের কলাপসিবল গেটের সামনেও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি দ্রুত চরম আকার নেয়। খবর পেয়ে উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। কিছু সময়ের জন্য মহকুমা শাসক দপ্তর চত্বরে থমথমে অবস্থা তৈরি হয়।
আশা কর্মীদের অভিযোগ, বুধবার স্বাস্থ্য ভবনে তাঁদের আন্দোলন চলাকালীন বিভিন্ন জায়গায় কর্মীদের আটকে রাখা হয়। সেই ঘটনার প্রতিবাদেই দুর্গাপুরে এই বিক্ষোভ বলে জানান তাঁরা। আশা কর্মীদের একাংশ বলেন, “আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করছি। দ্রুত দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।”
ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে উত্তেজনা বজায় থাকলেও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
