স্বাস্থ্য ভবন অভিযানে বাধা, দুর্গাপুরে আশা ও পৌর স্বাস্থ্যকর্মীদের আটক ঘিরে চরম উত্তেজনা
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার পথে পুলিশি বাধার অভিযোগ ঘিরে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল দুর্গাপুর। একদিকে দুর্গাপুর স্টেশনে আশা কর্মীদের ট্রেনে উঠতে বাধা, অন্যদিকে পৌর স্বাস্থ্যকর্মী নেত্রীকে আটক—দুই ঘটনায় চরম ক্ষোভ ছড়ায় শ্রমিক মহলে।মঙ্গলবার সকালে দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার সময় জিআরপি পুলিশের বিরুদ্ধে আশা কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে। বেতন বৃদ্ধি, সরকারি স্বীকৃতি-সহ একাধিক দাবিতে তাঁরা কলকাতার স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।অভিযোগ অনুযায়ী, প্রথমে স্টেশনের মূল প্রবেশমুখে কয়েকজন আশা কর্মীকে আটকে দেওয়া হয়। পরে চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনো বাকিদেরও ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। এই ঘটনায় স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।আন্দোলনরত আশা কর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গেলেই তাঁদের উপর পুলিশি হস্তক্ষেপ করা হচ্ছে।এক আশা কর্মীর কথায়, “আমরা কোনও অশান্তি করিনি। শুধুমাত্র দাবি জানাতে যাচ্ছিলাম। তবুও আমাদের আটকে দেওয়া হল।”
অন্যদিকে, স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার সময় পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পালকে দুর্গাপুরের পলাশডিহা মহিলা থানায় আটক করা হয়েছে বলে অভিযোগ ওঠে।এই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই মহিলা থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, পুলিশ বাধা দিতে গেলে বিধায়কের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা থানার ভিতরে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
বিক্ষোভ চলাকালীন বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই অভিযোগ করেন,“পুলিশ নির্মমভাবে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের আটক করেছে। নিজেদের ন্যায্য দাবি জানাতে গেলেই তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”তিনি অবিলম্বে আটক কর্মীদের মুক্তির দাবি জানান।তবে দুই ঘটনার ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। স্বাস্থ্যকর্মীদের আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
